23/06/2026
চুয়েটে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ শুরু
নিয়মিত ফুটবল খেলার মাধ্যমে শরীর সুস্থ ও সবল থাকেঃ চুুয়েট ভিসি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, নিয়মিত ফুটবল খেলার মাধ্যমে শরীর সুস্থ ও সবল থাকে। এটি হৃদযন্ত্রকে কর্মক্ষম রাখে, শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে, পেশিকে শক্তিশালী করে এবং শরীরের রক্তসঞ্চালন উন্নত করে। একই সঙ্গে মানসিক চাপ কমাতে, আত্মবিশ্বাস বাড়াতে এবং ইতিবাচক মনোভাব গড়ে তুলতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তিনি আরও বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর ও ব্যস্ত জীবনে তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে ক্রীড়াচর্চার বিকল্প নেই। একটি সুস্থ শরীর ও সুস্থ মনই পারে একজন শিক্ষার্থীকে প্রকৃত অর্থে দক্ষ প্রকৌশলী, গবেষক এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে।
আজ ২৩ জুন (মঙ্গলবার) ২০২৬ খ্রিঃ বিকালে চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালনায় এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের আয়োজনে “আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম। এতে সঞ্চালনা করেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ জসীম উদ্দীন।
উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে সিই বিভাগ, ডব্লিউআরই বিভাগ, এমই বিভাগ, পিএমই বিভাগ, এমআইই বিভাগ, ইইই বিভাগ, সিএসসি বিভাগ, ইটিই বিভাগ, বিএমই বিভাগ, ইউআরপি বিভাগ, স্থাপত্য বিভাগ এবং এমএমই বিভাগ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন বিভাগের পতাকা উত্তোলন করার মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয়। উদ্বোধনী খেলায় বিএমই বিভাগ এবং স্থাপত্য বিভাগ মুখোমুখি হয়।
21/06/2026
বিদায় ‘২০ আবর্ত-বরণ ’২৪ আবর্ত
ও ঐতিহ্যের আঙ্গিনায় গুনীজন সংবর্ধনা
আয়োজনে: ড. কুদরত-ই-খুদা হল, চুয়েট।
19/06/2026
চুয়েটে আইটিবিআই পিচ ফেস্ট-২০২৬ অনুষ্ঠিত
প্রযুক্তি উদ্ভাবন অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তিঃ চুয়েট ভিসি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, জ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি। চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশন লার্নিং, ইন্টারনেট অব থিংকস (আইওটি), বিগ ডাটা এনালাইটিক্স, ব্লকচেইন, ক্লাউড কম্পিউটিং এবং অটোমেশন বিশ্বব্যাপী শিল্প, ব্যবসা, শিক্ষা এবং কর্মসংস্থানের ধারণাকে আমূল পরিবর্তন করে দিচ্ছে। তিনি আরও বলেন, চুয়েট সবসময় গবেষণা, উদ্ভাবন এবং উদ্যোক্তা সংস্কৃতির বিকাশে অঙ্গীকারবদ্ধ। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই, যেখানে জ্ঞান সৃষ্টি হবে, প্রযুক্তি উদ্ভাবিত হবে এবং সেই জ্ঞান ও প্রযুক্তি সমাজ ও অর্থনীতির কল্যাণে ব্যবহৃত হবে।
আজ ১৯ জুন (শুক্রবার) ২০২৬ খ্রিঃ সকালে চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটর মিলনায়তনে ‘ফ্রম আইডিয়া টু ইনকিউবেশন’ শীর্ষক স্লোগান নিয়ে চুয়েট আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্যোগে "আইটিবিআই স্টুডেন্ট স্টার্ট আপ পিচ ফেস্ট-২০২৬" এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ট্যালেন্ট ইকোনমি এর সভাপতি, যুক্তরাষ্ট্রের ইনোভেশন ল্যাবের সিইও অধ্যাপক ড. শরিফ উদ্দিন আহমেদ রানা,বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN) এর চিফ মার্কেটিং অফিসার জনাব ইখলাস উদ্দিন আহমেদ এবং এক্সিলারেটিং বাংলাদেশ এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব মুহাম্মদ আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক ও আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। এতে সঞ্চালনা করেন নেক্সজিনিক্স লিমিটেডের সিইও জনাব প্রশান্ত দে।
উল্লেখ্য, চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটর শিক্ষার্থীদের উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও স্টার্টআপ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। উক্ত স্টার্টআপ পিচিং আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫০-এর বেশি শিক্ষার্থী ও উদ্ভাবক অংশগ্রহণের করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলো তাদের স্টার্টআপ ধারণাগুলো বিশেষজ্ঞ বিচারক ও শিল্পখাতের প্রতিনিধিদের সামনে উপস্থাপন করে। এর মধ্যে টিম বর্নো প্রথমস্থান, টিম লিভোরা দ্বিতীয় স্থান এবং সিনক রোবোটিক্স তৃতীয় স্থান অর্জন করে। উক্ত দলগুলোকে নগদ প্রাইজমানি প্রদান করা হয় এবং বিজয়ী দলসহ মোট ১৩টি দলকে ছয় মাসের জন্য আইটিবিআই স্টার্টআপ ফ্লোরে বিনামূল্যে ইনকিউবেশন সুবিধা, কর্মক্ষেত্র, বিশেষজ্ঞ পরামর্শ এবং উদ্যোক্তা ইকোসিস্টেমে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবে। এছাড়া আয়োজনে স্টার্টআপ আইডিয়া পিচ ব্যাটল, বিশেষজ্ঞ মতামত, ইনকিউবেটর পরিদর্শন, সফল উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং শিল্পখাতে প্রবেশের প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।
19/06/2026
চুয়েটে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারস মিট ২০২৬ অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অ্যামেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারস মিট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জুন (শুক্রবার) ২০২৬ খ্রিঃ চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: রিয়াজ আকতার মল্লিক, এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েট এর ফ্যাকাল্টি এডভাইজর ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার, এসিআই বাংলাদেশ চ্যাপ্টার এর সভাপতি অধ্যাপক ড. মোঃ তারেক উদ্দিন, এসিআই বাংলাদেশ চ্যাপ্টার এর সেক্রেটারি অধ্যাপক ড. রূপক মুৎসুদ্দি, ডিজাইন প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট কনসাল্টেন্টস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মোঃ আব্দুস সোবহান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন এসিআই বাংলাদেশ চ্যাপ্টার এর ডিরেক্টর, এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের ফ্যাকাল্টি এডভাইজর এবং চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের সভাপতি জনাব আসহাব লাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী রূপম পোদ্দার।
উল্লেখ্য, এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারস মিট-২০২৬ এর অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে কুইজ প্রতিযোগিতা, বিজনেস কেস প্রতিযোগিতা, মর্টার কার্যক্ষমতা পরীক্ষা। এছাড়া টেকসই নির্মাণসামগ্রী নিয়ে সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব, গবেষক, শিক্ষক ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে পোস্টার প্রেজেন্টেশন সেশন অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা গবেষণা ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করা হয়েছে। বুয়েট, আইইউটি সহ আটটি বিশ্ববিদ্যালয়ের এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়।
17/06/2026
চুয়েট এএসসিই এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)-এর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক সংগঠন “আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স (এএসসিই)”-এর চুয়েট শাখার বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জুন (বুধবার) ২০২৬ খ্রিঃ বিকালে চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: রিয়াজ আকতার মল্লিক, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম এবং এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েট এর ফ্যাকাল্টি এডভাইজর ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার। সভায় সভাপতিত্ব করেন এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েট এর সভাপতি জনাব আব্দুল ওয়াদুদ শিমুল। এতে সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী ফারহান ইসলাম ও আনিকা তাবাসসুম রমা।