04/03/2026
ফেব্রুয়ারি মাসের ইসি মিটিং হয়ে গেল শেষ শনিবার, ২৮শে ফেব্রুয়ারি। তারই কিছু খণ্ডচিত্র...
Howrah Zilla School Alumni Association is the officially registered organisation under Society Act of Govt of West Bengal (S/1L/63997) - founded on 1-Dec-2009.
04/03/2026
ফেব্রুয়ারি মাসের ইসি মিটিং হয়ে গেল শেষ শনিবার, ২৮শে ফেব্রুয়ারি। তারই কিছু খণ্ডচিত্র...
03/03/2026
হাওড়া জিলা স্কুলের ১৯৮৪ সালের প্রাক্তনী শ্রী প্রসেনজিত সেন গতকাল, ২রা মার্চ, আমাদের ছেড়ে চলে গেছেন। ওঁনার পরিবার, বন্ধু ও কাছের সমস্ত মানুষের এই শোকের সময়ে হাওড়া জিলা স্কুল আ্যলামনি আ্যসোসিয়েশন সমবেদনা জানায়।
03/03/2026
এখন যাকে 'ভাইচারা' বলা হয়, সে আমরা শিখেছি 'গলায় গলায় বন্ধু' হিসেবে। সেই বন্ধুত্বের রঙেই রঞ্জিত থাকুক আজকের দিনটা ও আগামী প্রতিটা দিন।
আর তার সঙ্গে শক্তিশালী হোক, বিশ্ব- ভ্রাতৃত্ববোধও।
রঙের দিনে হাওড়া জিলা স্কুল আ্যলামনি আ্যসোসিয়েশনের পক্ষ থেকে সবার জন্য অকৃত্রিম শুভেচ্ছা ও বড়োদের পায়ে আবির দিয়ে প্রণাম।
21/02/2026
বাংলা সাহিত্যের অন্যতম যুগপুরুষ, হাওড়া জিলা স্কুলের নক্ষত্রসদৃশ প্রাক্তনী, শ্রী মনিশঙ্কর মুখোপাধ্যায়ের প্রয়াণে, হাওড়া জিলা স্কুল আ্যলামনি আ্যসোসিয়েশনের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম।
20/02/2026
আমাদের সকলের প্রিয় নিখিল রঞ্জন বসুর অকাল প্রয়াণ হাওড়া জিলা স্কুল আ্যলামনি আ্যসোসিয়েশনের জন্য এক অপূরনীয় ক্ষতি। চলে গেলেও নিখিলদা আমাদের জন্য রেখে গেছেন অজস্র সুখস্মৃতি। সেসব রোমন্থন করার উদ্দেশ্যে একটি স্মরণসভার আয়োজন করা হচ্ছে হাওড়া জিলা স্কুলের নিউ হলঘরে, ২৮-ফেব্রুয়ারি, বিকেল সাড়ে চারটেয়।
সংগঠনের সমস্ত সদস্যেদের ও নিখিলদার বন্ধু, হিতাকাঙ্খী ও প্রিয়জনদের এই স্মরণসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
14/02/2026
নিখিলদা,
জানো, বারান্দায় রোদ্দুরের বাচ্চাদের সঙ্গে আমাদের প্রথম ক্লাসটা আজ শুরু হয়েই গেল। এই ক্লাসটা আজ না হওয়ার অজস্র কারণ ছিল। সবকটা কারণই তুমি জানো। তুমি জানতে তোমার হঠাৎ চলে যাওয়াতে কিভাবে ঝড়ের মুখে শিখার মত অনিত্য হয়ে পড়বো আমরা, কিভাবে নড়ে যাবে সংগঠনের স্নায়ুতন্ত্র। কিন্তু জানিনা তুমি জানতে কি না, তোমার করে যাওয়া পনেরো দিন আগের শেষ ইসি মিটিং এর গুরুত্ব সংগঠনের কাছে কতটা... এতটাই, যে তোমার শোককে অতিক্রম করেও ১৪ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিনে, বারান্দায় রোদ্দুরের বাচ্চাদের প্রথম ক্লাসের নির্ধারিত সূচি শপথে বদলে গেল। তোমার করা শেষ সইটার সম্মানে ক্লাস আজকেই হল।
উজ্জ্বল লাল টি শার্টে বাচ্চাগুলো আজ ক্লাস করল হাওড়া জিলা স্কুলের প্রাক্তনীদের। তারা শিখলো জীব ও জড়ের পাঠ। আজ উপস্থিত ছিল সন্দীপদা, তরুণদা, সুগত, দেবাশিসদা, শঙ্খ, শুভজিৎ, সুপ্রিয়... তুমি তো আসোনি, তাই গল্পের মত তোমাকে বলছি... ক্লাসের শেষে বাচ্চা মেয়েটা যখন 'ফাগুনেরও মোহনায়' গানে আমাদের কি মিষ্টি নেচে দেখালো, বা পরের চারজন বাচ্ছা যোগব্যায়াম করে দেখালো,বা ছোট্ট বাচ্ছাটা তার আঁকা ফুলের সুন্দর ছবিটা আমাদের উপহার দিল, হাওড়া মহিলা পুলিশ থানার বারান্দাটা তখন রূপকথার মত লাগছিল।
এই ক্লাস চলবে নিখিলদা, যেমনটা কথা ছিল। হাওড়া জিলা স্কুল আ্যলামনি আ্যসোসিয়েশন বাচ্ছাগুলোর পড়াশোনার পাশে থাকতে প্রতিশ্রুত... প্রতিনিয়ত।
যখন সব বাচ্চারা বাড়ি চলে গেছে, আমরা কাঠের সিঁড়িটা দিয়ে নেমে আসছি, মনে পড়ছিল এর আগের প্ল্যানিং মিটিংগুলোতে এই সিঁড়িগুলো দিয়েই তুমি এসেছিলে... একসাথে নেওয়া সিদ্ধান্তগুলো এবারে এক এক করে বাস্তবায়িত হতে শুরু করেছে... আশা করি তুমি তোমার মতন করে বুঝে নেবে।
আর আজ ক্লাসে সুপ্রিয় শেখালো জীব ও জড়ের পাঠ। কিন্তু, হয়তো ক্লাসের চার দেওয়ালের মধ্যে শেখানো যায়না বলেই বলা হল না, এই জীব ও জড়ের সংজ্ঞার উপরেও ছাপিয়ে ওঠে যা, তা হলো - জীবন। অকম্প্য ও চিরায়ত...
কাজ আমাদের চলতে থাকবে নিখিলদা।
ইতি,
হাওড়া জিলা স্কুল আ্যলমনি অ্যাসোসিয়েশনে তোমার সঙ্গে থেকে কাজ শেখা জনৈক সদস্য
12/02/2026
নিখিলদা, এভাবেই থেকে যাও প্লিজ...
চলে গেল হাসি, চলে গেল প্রাণ, চলে গেল আলো... থেকে গেল অনেকটা অনেকটা চলার পথ...
আজ ১২ই ফেব্রুয়ারি, ভালোবাসার সপ্তাহে, সকাল দশটায়, সবার ভালোবাসার আকর, নিখিল রঞ্জন বসু, হাওড়া জিলা স্কুল আ্যলামনি আ্যসোসিয়েশনের যুগ্ম কোষাধ্যক্ষ (প্রাক্তনী ১৯৮২ ব্যাচ) আমাদের ছেড়ে চলে গেলেন।
একটা শোক সংবাদ এখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নিখিলদা জীবনে ছক ভেঙেছে বহু, মৃত্যুতেও তাই নিয়ম ভাঙ্গাই নিয়ম মনে হচ্ছে।
আনন্দ, হাসি, মজা ও উচ্ছলতায় চারপাশ ভরিয়ে রাখার এ ক্ষমতা নিখিলদার অনায়াস ও জৈবিক। বয়সের ব্যবধান নিখিলদার সামনে নতজানু হয়েছে প্রতিবার, আর নিখিলদা বন্ধুর মত মিশে গেছে নিখিলদার থেকেও অগ্রজ থেকে শুরু করে চল্লিশ বছরের সেই তার সঙ্গেও যে হয়তো সবে স্কুলের চৌকাঠ পেরিয়েছে। এমন মানুষকে ঘিরে গল্প তৈরি হতে থাকে অনবরত, খুশির ফ্রেম জন্ম নেয় স্বাভাবিক নিয়মে। আজ সেই নিখিলদার অনুপস্থিতিকে মেনে নেওয়ার মতো মানসিক প্রস্তুতি নিখিলদার বন্ধুমহলে ও আমাদের সংগঠনে কারোরই নেই।
৩১ শে জানুয়ারির শেষ ইসি মিটিংয়েও নিখিলদা ছিল এর পরের সবকটি ইসি মিটিং, শনিবাসরীয় সভা, কর্মসূচি, সবই থাকবে প্রবলভাবে নিখিলময়। সংগঠনকে যে উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন এবং শপথ নিখিলদা, প্রোথিত করে গেছে তা আমাদের শান্ত থাকতে দেবে না, অলস থাকতে দেবে না।
অজস্র ছবি, ভিডিওতে নিখিলদা আছে। সেসব আমাদের সম্পদ। আপাতত একটি ভিডিও এখানে দেওয়া হল - সেই চিরন্তন প্রাণোচ্ছ্বল নিখিলদা। আর কি মহাকাব্যিক সমাপতন... পিছনে গান বাজছে "মহারাজা... তোমারে সেলাম"
10/02/2026
বিগত ১০ই জানুয়ারির বার্ষিক পুনর্মিলন উৎসব উপলক্ষ্যে প্রকাশিতব্য স্যুভিনিয়ারের জন্য প্রাক্তনীদের আহ্বান করা হচ্ছে মৌলিক লেখা (কবিতা, প্রবন্ধ, ব্যক্তিগত গদ্য, অনুগল্প ইত্যাদি), ফোটোগ্রাফ, ছবি (হাতে আঁকা) পাঠানোর জন্য।
জমা দেওয়ার শেষ তারিখ ২১শে ফেব্রুয়ারি।
জমা দিতে হবে [email protected] মেইল আইডিতে বা ৯৯০৩১৭০৩৭১ হোয়াটস্যাপে
বাধ্যতামূলক নয়, কিন্তু লেখার বা ছবির মধ্যে আমাদের স্কুল, স্কুলজীবন, স্মৃতি জড়িয়ে থাকলে খুবই ভালো হয়।
09/02/2026
Thanks Cactuss to bring the mix of unwavering energy and unputdownable nostalgia in the Annual Meet of Howrah Zilla School Alumni Association. Your concert will be remembered for long...
01/02/2026
হাওড়া জিলা স্কুল আ্যলামনি অ্যাসোসিয়েশনের ১০-ই জানুয়ারির বার্ষিক পুনর্মিলন উৎসবের মঞ্চ শুধু ক্যাকটাসের ছিল না, ছিল হাওড়া জিলা স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রদের মনে রাখার মত কিছু অংশগ্রহণেও ভাস্বর।
ক্যাকটাস তখন স্টেজের সাউন্ড সেট করে গেছে ইতিমধ্যেই... তারপরে সেই মঞ্চেই আজকে ছাত্ররা গাইছে বঁধূ রে, হলুদ পাখির মত গান...তার সঙ্গে মিশে যাচ্ছে বিষাক্ত মানুষ... মাঠে থাকা অনেক প্রাক্তনীরা বিস্ময়ের দৃষ্টিতে দেখছেন আমাদের স্কুলের আজকের ছাত্রদের অসাধারণ গিটারের মূর্ছনা, ড্রামিং এর লহর, স্টেজের র্যাম্পে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে এসে দর্শকের সঙ্গে সেতুবন্ধন।
বিস্ময় আরো এক কারণে যে উপস্থিত প্রাক্তনীদের মধ্যে অনেকেই বহু দশক ধরে স্কুলের অনুষ্ঠানের প্রস্তুতিতে হারমোনিয়াম ও তবলাই দেখে এসেছেন; কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আজকের ছাত্ররা যখন স্টেজে রক বাজাচ্ছে, সেটাও কিন্তু কারো থেকে খারাপ বাজাচ্ছে না। হাওড়া জিলা স্কুল সেখানেও এগিয়ে থাকাদের মধ্যেই পড়ছে।
যেই মুহূর্তে কোন কোন বিশুদ্ধতাবাদীদের মনের কোণে এই প্রশ্ন তবে উঁকি দিতে শুরু করেছে যে - তাহলে কি আজকের প্রজন্ম ভুলে যাচ্ছে আমাদের অতীত, ঐতিহ্য, অহংকার? ...সেখানেই প্রোজ্বল হয়ে ওঠে প্রাইমারি বিভাগের ছাত্রটি আদিত্যশঙ্কর রায়ের অসামান্য গায়কিতে একের পর এক নজরুলগীতি দ্বিজেন্দ্রগীতি পরিবেশন... সেই শিশুর ওই বয়সেই গানের যে মুন্সিয়ানা এবং আবেগের মিশেল দর্শকরা দেখলেন তা রোমহর্ষক বললেও কম বলা হয়।
সবশেষে বলতে হয় দেবদূত ও স্পন্দনদের মিলিত অনুষ্ঠানের কথাও... তখন ইতিমধ্যেই ক্যাকটাস স্কুলের মাঠে এসে গেছে... দর্শকরাও অধীর উত্তেজনায় থিরথির করে কাঁপছে... সেই চাপের মুখে ওদের অনুষ্ঠানও মনে থাকবে। স্পন্দনের বিটবক্সিং সারা মাঠ কে উত্তাল করেছে আগের বছর, এবং এবারও।
এভাবেই হাওড়া জিলা স্কুল আ্যলামনি অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠানের মঞ্চ মিলনক্ষেত্র হয়ে উঠেছে, ওঠে, উঠবে প্রাক্তন থেকে বর্তমানের, দ্বিজেন্দ্রগীতি থেকে বিটলস ও নিজেদের তৈরি গানের, বিটবক্সিং থেকে শুরু করে হয়তো আগামী দিনের কোন উচ্চমার্গীয় যন্ত্র সঙ্গীতের... এই সমস্ত বিবিধ ধারার মধ্যেও যা সবাইকে বেঁধে রেখেছে ও রাখবে, তা হলো হাওড়া জিলা স্কুলের জন্য আবেগ।
25/01/2026
হাওড়া জিলা স্কুলের প্রাক্তনী (১৯৯৫ উচ্চমাধ্যমিক), হাওড়া জিলা স্কুল আ্যলামনি অ্যাসোসিয়েশনের সদস্য কৌশিক দোলুই শুক্রবার মধ্যরাত্রে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন। ওঁনার পরিবার এবং সমস্ত বন্ধু ও নিকটাত্মীয়দের শোকস্তব্ধতার এই মুহূর্তে আমরা অন্তরের গভীর স্থল থেকে সমবেদনা জানাই।🙏